আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে। রোববার ( ৪ জানুয়া রি ) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।
তিনি বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন সারা দেশে শুরু হবে। সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যেই মিটিং হয়েছে এবং সব হেডকোয়ার্টারকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযানের তিনটি মূল লক্ষ্য হবে—
১. অবৈধ অস্ত্র উদ্ধার করা, বিশেষ করে নির্বাচনের আগে সরবরাহ হওয়া অবৈধ অস্ত্র।
২. চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
৩. নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো ঘটনা মোকাবিলা করা।
রেহিঙ্গাদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে, যাতে দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।