স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে।
রোববার (৪ জানুয়ারি) ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে থাকা পুলিশ সদস্যরা জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করতে হবে। তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মশালাটি ৫ অক্টোবর শুরু হয় এবং এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮,১৫০ জন পুলিশ কর্মকর্তা সফলভাবে অংশগ্রহণ করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে সম্ভাব্য ২৪,৩৪২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।