জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম সোমবার ( ৫ জানুয়ারি ) এই দিন ধার্য করেছেন। এ তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় কারাগারে থাকা ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আল মারুফ নামে আরেক আসামিকে গ্রেপ্তার দেখানো হলেও, এ কে এম আক্তারুজ্জামানকে হাজির করা হয়নি। এজন্য অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে।
এর আগে গত ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে তিনি তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মামলাটি ১১ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।