কারাগারে থাকা চার সাংবাদিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা হাইকোর্টে তাদের জামিন সংক্রান্ত রুল দ্রুত শুনানির আবেদন করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হয়। এতে চার সাংবাদিকের পক্ষে চলমান মামলাগুলোর প্রেক্ষাপটে দ্রুত শুনানির অনুরোধ করা হয়েছে।
এর আগে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ভাষানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র জনতার বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে ফজলুর রহমান নামে একজন নিহত হন। শ্যামল দত্তকে পরবর্তীতে রিমান্ডেও নেওয়া হয়।
মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া তাঁর বিরুদ্ধে বনানী থানায় ২০০৭ সালের চাঁদাবাজির একটি মামলাও রয়েছে।
অন্যদিকে, একাত্তর টেলিভিশনের শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তারা ২১ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার সময় পুলিশ আটক করে।
বর্তমানে চারজনই কারাগারে রয়েছেন এবং তাদের পক্ষে শুনানি করছেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।