আফ্রিকার কাপ অব নেশন্সে বেনিনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে শেষ ষোলোর ম্যাচে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মিশর। একইসাথে এই ম্যাচে গোল করে মোহাম্মদ সালাহ নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে মিশর অতিরিক্ত সময়ে দুই গোল দেয়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলে দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে মারওয়ান আতিয়ারের করা গোলে লিড পায় মিশর।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে জোডেল ডসো বেনিনকে সমতায় ফেরালে নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ৯৭তম মিনিটে মিশরের ইব্রাহিম আর ১২৪তম মিনিটে ‘ইজিপশিয়ান কিং’ খ্যাত সালাহ গোল করেন। এই গোলের মাধ্যমে মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরে পৌঁছাল তার গোলসংখ্যা আর এরই মাধ্যমে টুর্নামেন্টে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি।
আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সালাহর সংগ্রহে এখন ১০ গোল। এই তালিকায় এক নম্বরে আছেন ১২ গোল নিয়ে হাসান এল শাজলি ও ১১ গোল নিয়ে হোসাম হাসান।
এদিকে শেষ আটে মিশরের প্রতিপক্ষ হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যে জয়ী দল। অপরদিকে রাতের আরেক ম্যাচে মোজাম্বিককে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে নাইজেরিয়া।