দেশের সিলিন্ডার গ্যাসের ব্যবসার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকায় কারসাজির মাধ্যমে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।
উপদেষ্টা বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এই কারসাজিতে জড়িত। সরকার জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিয়েছে এবং আশা করা যাচ্ছে, খুব শিগ্রিই বাজার স্বাভাবিক হবে।
তিনি আরও জানান, কিছু জাহাজে নিষেধাজ্ঞার কারণে এলপিজি পরিবহনে সাময়িক জটিলতা দেখা দিয়েছে। তবে এই কারণে চলতি মাসে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই।
এছাড়া, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে ফাওজুল কবির খান বলেন, বিষয়টিকে ক্রিয়া–প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে দেখতে হবে। বাংলাদেশের খেলোয়াড়দের প্রত্যাহারের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।