বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবেনা। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জাতীর মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। এমনটাই মন্তব্য করলেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি চলাকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা।
শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হক হকের আইনজীবী বলেন, জুলাইয়ে কারফিউ দেয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এর প্রতিবাদ জানিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এসব বলাটা ধৃষ্টতা।
জুলাই আন্দোলনকে কোনো ভাবেই সন্ত্রাসী আন্দোলন ছিল বলে কারফিউ দেয়া হয়েছিল বলার সুযোগ নেই বলেও ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল।
প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।