| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 138855 বার পঠিত
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ অনুসন্ধানাধীন। প্রাথমিক বিশ্লেষণে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) অনুযায়ী এসব হিসাব অবরুদ্ধ করা এবং স্থিত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা জরুরি। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগেই অর্থ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১১ জন গ্রেফতার রয়েছেন।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলসহ আরও কয়েকজন।

অন্যদিকে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মোটরসাইকেল চালক আলমগীরসহ ছয়জন এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদিকে বহনকারী অটোরিকশায় গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪