মুস্তাফিজুর রহমানকে ঘিরে নিরাপত্তা শঙ্কার জেরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।
এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের মর্যাদার বিনিময়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ।
বুধবার ( ৭ জানুয়ারি ) সচিবালয়ে বিসিবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাব না। আইসিসি থেকে পাওয়া চিঠি পড়ে আমাদের মনে হয়েছে, ভারতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর সংকট রয়েছে, যা তারা যথাযথভাবে অনুধাবন করতে পারেনি। আমার কাছে বিষয়টি শুধু নিরাপত্তার নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন।
বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও সাফ জানিয়ে দেন উপদেষ্টা। তিনি বলেন, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে কলকাতায় নির্দিষ্ট ক্রিকেটারকে বাদ দিতে, কারণ সেখানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেখানে খেলার মতো পরিবেশ আছে বলে কীভাবে বিশ্বাস করব? আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা একচুলও ছাড় দেব না।
তবে বিশ্বকাপে অংশগ্রহণের আগ্রহ যে বাংলাদেশের রয়েছে, সেটিও স্পষ্ট করে দেন আসিফ নজরুল। তাঁর ভাষায়,আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে সেটা অন্য কোনো আয়োজক দেশে—বিশেষ করে শ্রীলঙ্কায় খেলতে চাই। এই অবস্থানে আমরা অনড় আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অটল, সেটা আইসিসিকে বোঝাতে পারব বলে আশা করি এবং আইসিসিও আমাদের বিষয়টি বিবেচনায় নেবে।
বাংলাদেশের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।