আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে নির্বাচনি সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার সংরক্ষণ এবং অফিসিয়াল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড নম্বর রক্ষার বিষয়ে এতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণকৃত নির্বাচনি সামগ্রী পৌঁছানোর পর ইতোপূর্বে জারিকৃত পরিপত্র-১৩ অনুযায়ী ফরম, প্যাকেট ও খামের সংখ্যা চাহিদার সঙ্গে মিলিয়ে সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে পরিপত্রে উল্লেখ করা হয়, বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহকৃত ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ফরম-৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে পরীক্ষা করতে হবে। প্রিজাইডিং অফিসারদের কাছে বিতরণের আগ পর্যন্ত ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট মালামাল নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং সব পর্যায়ে গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
এছাড়া অফিসিয়াল সিল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, তিন ধরনের সিলের মধ্যে অফিসিয়াল সিল ও ব্রাস সিলে নিরাপত্তামূলক কোড নম্বর রয়েছে, যা সব পর্যায়ে গোপন রাখতে হবে।
সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল সরবরাহ করা হয়েছে তা কেন্দ্রভিত্তিক বিতরণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে প্রিজাইডিং অফিসারদের ভোটকেন্দ্রের কোন কক্ষে কোন কোড নম্বরের অফিসিয়াল সিল ব্যবহৃত হবে, তা কক্ষ নম্বর ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের নামসহ সিলের ছাপ দিয়ে একটি খামে সংরক্ষণ করে হেসিয়ান বড় ব্যাগে রাখতে বলা হয়েছে।
ইসি মনে করছে, এসব নির্দেশনা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।