| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 136638 বার পঠিত
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন তিনি। শপথগ্রহণের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রতিদিন নিরলসভাবে কাজ করতে তিনি উচ্ছ্বসিত।

আগামী ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূতের। ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪