| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135288 বার পঠিত
বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে একটি বাসায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামে এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ( ১১ জানুয়ারি ) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারসহ দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় ভাড়া থাকত সে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত কাজে লিলির বাবা-মা গত বুধবার গ্রামের বাড়িতে যান। বাসায় লিলি ও তার বড় বোন শোভা ছিলেন। পরিবারের একটি হোটেলের ব্যবসা রয়েছে, যেখানে মিলন নামে একজন কর্মচারী কাজ করেন।

নিহতের বড় বোন শোভা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নিতে ওই কর্মচারী মিলন বাসায় এলে লিলির সঙ্গে তার কিছুটা বাগ্‌বিতণ্ডা হয়। শনিবার দুপুরেও মিলন খাবার নিতে বাসায় আসেন। দুপুর দেড়টার দিকে জিমে যাওয়ার সময় লিলিকে দরজা লক করে দিতে বলেন শোভা।

জিম থেকে ফিরে শোভা দেখতে পান, বাইরের গেট বন্ধ থাকলেও ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো। পরে ঘরের ভেতরে একটি বড় পাতিলের মতো জিনিসের নিচে কুঁকড়ানো অবস্থায় লিলির মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

শোভা বলেন, প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত লেগেছে। পরে হিজাব সরিয়ে দেখি গলায় রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে গলা কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা আশপাশের কেউ সহায়তায় এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহযোগিতায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে ফরাজী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, “হাসপাতালে গিয়ে দেখি নিহতের গলা কাটা। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪