| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 134582 বার পঠিত
আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ৬ জানুয়ারি আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।

শুনানিতে প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপটি আনিসুল হক ও সালমান এফ রহমানের নয় বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে অডিও রেকর্ড পরীক্ষার আবেদন করা হয়। তবে ৪ জানুয়ারি করা ওই আবেদন নাকচ করে দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়, তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব সহিংসতার পরও নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

এছাড়া জুলাই ২০২৪-এর গণআন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান ও আনিসুলের ভূমিকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়। প্রসিকিউশনের ভাষ্যমতে, ১৯ জুলাই ২০২৪ তারিখে তাদের মধ্যে ফোনালাপ হয়, যেখানে আন্দোলনকারীদের ‘শেষ করে’ দেওয়ার কথা বলা হয়। কথোপকথনের একপর্যায়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারফিউ জারির মাধ্যমে ওই রাতেই আন্দোলন দমনের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।

গত ২২ ডিসেম্বর শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে ওই ফোনালাপের অডিও রেকর্ডসহ আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন এবং বিচার শুরুর আবেদন জানান। এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪