আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বিসিবি একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক আবেদনও পাঠিয়েছে।
তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বিকল্প ভেন্যুর বিষয়টি বিবেচনা করলেও বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। বরং ম্যাচগুলো ভারতের ভেতরেই অন্য ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ জন্য ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিকল্প হিসেবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম এবং তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের নাম আলোচনায় রয়েছে।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্বকাপের একটি নির্ধারিত ভেন্যু। সেখানে ভারত–অস্ট্রেলিয়া সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ মোট সাতটি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন করা তাদের জন্য সমস্যা হবে না।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা তাদের।
কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়ার পর থেকেই ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে আনে বিসিবি। এরপর তারা দু’বার আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও এখনো আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।
সব মিলিয়ে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে লজিস্টিক জটিলতার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আইসিসি এ বিষয়ে সোমবার (১২ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।