আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইসির পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত সব কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করতে সেলের সদস্যদের তালিকা (মোবাইল নম্বরসহ) দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে সকল রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।
পরিপত্র-৯ অনুযায়ী, প্রতিটি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হবে। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
এই সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা প্রণয়ন করে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।