রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসায় দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার মিলন মল্লিক দায় স্বীকার করেছেন। র্যাব-৩-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং জানান, তিনি লিলিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।
র্যাব জানায়, নিহত স্কুলছাত্রী লিলির সঙ্গে গ্রেফতার মিলনের সুসম্পর্ক ছিল। মিলন বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে লিলির কাছে নিজের প্রেম প্রকাশ করতেন। লিলির পরিবার গ্রামের বাড়ি গেলে মিলন তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথাও জানিয়েছিলেন।
গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে বাসায় একা পেয়ে মিলন লিলিকে পালানোর প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়ায় এবং ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবেন না’ বলে তিরস্কার করায়, মিলন হত্যা সংঘটিত করেন।
র্যাব আরও জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদ ও তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের হবে।
মিলনকে সোমবার (১২ জানুয়ারি) বাগেরহাট সদর থানা এলাকায় গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডটি ১০ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে সংঘটিত হয়।