২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডিতে সাহেদ আলী ও আরও ৯ জনকে হত্যাচেষ্টার ঘটনায় ‘আহতদের খুঁজে না পাওয়ায়’ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহজাহান ভূঞাঁ গত ৫ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বর মীনা বাজারের কাছে সীমান্ত স্কয়ার থেকে বাসায় ফেরার পথে সাহেদ আলীসহ মোট ১০ জন আহত হন। ঘটনার পর সাহেদের কথিত ভাই শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের নেতারা ও অন্য ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পিবিআই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা আহতদের খুঁজে বার করার চেষ্টা করেছিলেন। তবে বাদী শরীফুল ইসলাম বা তার ভাই সাহেদ আলীর সঙ্গে যোগাযোগ সঠিকভাবে স্থাপন সম্ভব হয়নি। বাদী চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্রও সরবরাহ করেননি। এর ফলে পিবিআই শেখ হাসিনাসহ ১১৩ জনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন।