ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সদস্যদের একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশে এক হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দেন তিনি।
নবীন আনসার সদস্যদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, দেশের ইতিহাস, জনগণের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করতে হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন রক্ষা করা এবং দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।