ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের তৃতীয় দিনে আরও ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৭১টি আপিল নিষ্পত্তির শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে আগে থেকে নির্ধারিত ছিল ৭০টি আপিল, পাশাপাশি আগের দিন রোববারের একটি আপিলের শুনানিও এদিন গ্রহণ করা হয়।
আজকের শুনানিতে ৪১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তবে ২৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া ৪ জনের আপিল আবেদন স্থগিত রাখা হয়েছে এবং একজন প্রার্থী নিজেই তার আপিল প্রত্যাহার করে নেন।
এদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল মঞ্জুর করেনি নির্বাচন কমিশন।
অন্যদিকে, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এবং কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর আগে, গত শনিবার আপিল শুনানিতে ৫১ জন এবং রোববার ৫৭ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি।
ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।