| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 133761 বার পঠিত
চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করা হয়েছে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের ১৭ মার্চ এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরে ১৩ এপ্রিল জারি করা আরেকটি প্রজ্ঞাপনে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মিশনগুলোতে তাদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ওইসব মিশনে নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে বর্তমান দায়িত্বপ্রাপ্ত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের স্বদেশ প্রত্যাবর্তন আবশ্যক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪