সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল সংযোজনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, এ শুল্ক হ্রাসের ফলে মোবাইল ফোন আমদানি ও সংযোজনের খরচ যথাক্রমে ৬০ শতাংশ ও ৫০ শতাংশ কমেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা, এবং ৩০ হাজার টাকার বেশি মূল্যের সংযোজিত ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমতে পারে।
এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। সরকারের লক্ষ্য মোবাইল ফোনের মূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা।