| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 125028 বার পঠিত
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ফের আলোচনায় বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবি, তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (আজ) দুপুরে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবি জানায়, নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে তারা ভারতে ভ্রমণ না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে। তবে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে বিসিবি নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার কথা স্পষ্ট করেছে।

আলোচনায় দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ‘তিনটি আশঙ্কা’র কথা উল্লেখ করে বিসিবিকে একটি চিঠি পাঠায়। ওই চিঠির বরাতে বিবিসি বাংলা জানায়, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ঝুঁকি মূল্যায়নে পুরো টুর্নামেন্টের ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বলা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এবং ভারত-বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার বিষয়গুলোও উল্লেখ করা হয়।

এছাড়া কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও বিসিবির উদ্বেগ বাড়িয়েছে। যদিও বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, তবে বাংলাদেশের ধারণা—মুস্তাফিজকে ঘিরে বিরোধিতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪