আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০টি আপিলের শুনানি শেষে ৫৩ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আপিলের বিরুদ্ধে করা আরও দুটি আপিলও নামঞ্জুর হয়েছে। তবে ওই দুই ক্ষেত্রে প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকবে। ফলে চতুর্থ দিনে মোট ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে।
এর আগে সোমবার ইসিতে ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হয় এবং আগামীকাল ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।