| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 131156 বার পঠিত
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্ধারিত তারিখে নির্বাচন হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়।”

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যান এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৈঠকটি মঙ্গলবার সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ভোটকে ঘিরে ভুয়া খবরের প্রচার ও বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা হয়েছে, তবে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি আরও বলেন, ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বৈঠকে নির্বাচনের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, রোহিঙ্গা সংকট এবং ভুয়া খবর ও মিসইনফরমেশন সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং জনগণের সম্মতি পেলে জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের নতুন যুগের সূচনা করবে।

তিনি বলেন, ভুয়া খবর এবং অপতথ্য ছড়ানোর চেষ্টা করা হলেও জনগণ এখন সচেতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও শনাক্ত করতে পারছে। সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক গোম্বিসও এ বিষয়ে একমত প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস বলেন, প্রয়াত নেলসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন। তবে তৎকালীন ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায়, এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তিনি দেখছেন না।

তিনি বলেন, ‘সময় এখনো উপযুক্ত নয়। কোথা থেকে শুরু করবেন? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব, যখন কেউ স্বীকার করে যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে।’

তিনি আরো বলেন, ‘কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। বরং তারা দাবি করছে যে জুলাই অভ্যুত্থানে নিহত তরুণরা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। তাদের অপরাধের বিপুল পরিমাণে প্রমাণ রয়েছে। তারা যা করেছে তা সম্পূর্ণ বর্বরোচিত অপরাধ তবু তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানেই রয়েছে।

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪