| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি: সময় চাইলেও অনড় ক্রিকেটাররা

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 122379 বার পঠিত
বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি: সময় চাইলেও অনড় ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের বেতন ও পারফরম্যান্স সংক্রান্ত বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন ক্রিকেটাররা।

গতকাল বুধবার বিশ্বকাপে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপে ভালো না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই। তিনি আরও বলেন, বোর্ড ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করলেও খারাপ পারফরম্যান্সের জন্য সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে না।

তার এই মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় কোয়াব। রাতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম ব্রিফিংয়ে বলেন, “একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক কখনোই এ ধরনের বক্তব্য দিতে পারেন না। আমরা তার তাৎক্ষণিক পদত্যাগ দাবি করছি। আজ বিপিএলের ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবে না।”

মিঠুনের ঘোষণার পর রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বিসিবির একাধিক পরিচালক বৈঠক করেন। তবে সেই বৈঠক থেকে কোনো সমাধান আসেনি। বিসিবি কর্তৃপক্ষ সময় চাইলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেছেন।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে অটল। নাজমুল ইসলাম থাকাকালীন মাঠে নামার প্রশ্নই আসে না। সব ক্রিকেটার এ সিদ্ধান্তের সঙ্গে একমত। আজকের প্রথম ম্যাচ যদি না হয়, তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।”

এ বিষয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪