| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাহরাইনের পোস্টাল ব্যালটের ভিডিওর ব্যাখা দিলেন ইসি সচিব

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 130527 বার পঠিত
বাহরাইনের পোস্টাল ব্যালটের ভিডিওর ব্যাখা দিলেন ইসি সচিব

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় পাওয়া যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ থেকেই ওই ভিডিও ধারণ করা হয়েছে এবং এ ঘটনায় বাহরাইনের ডাকবিভাগ তদন্ত করছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বাহরাইনে বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের খাম বিতরণের ভিডিও কীভাবে ধারণ করা হলো, তা সরেজমিনে তদন্ত করে দেখা হচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইনের ডাকবিভাগকে অবহিত করেছেন। তবে ডেলিভারি পয়েন্ট থেকে প্রথমবার পোস্টাল ব্যালট পেয়ে আনন্দ প্রকাশের অংশ হিসেবে ভিডিও ধারণ করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সচিব জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হিসেবে বাংলাদেশ ডাকবিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। পোস্টাল সিস্টেম দেশভেদে ভিন্ন হওয়ায় বাহরাইনের ক্ষেত্রে ১৬০টি ব্যালট একটি ডেলিভারি পয়েন্টে একসঙ্গে রাখা হয়েছিল।

তিনি বলেন, “ছাত্রজীবনে হোস্টেলে যেমন এক জায়গায় চিঠিপত্র রেখে সবাই নিজেরটা নিয়ে নিত, বাহরাইনেও সেরকম একটি বক্সে ব্যালটগুলো রাখা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যালটের খামগুলো খোলা হয়নি। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি ভিডিওটি করা উচিত হয়নি।”

আখতার আহমেদ আরও বলেন, বাহরাইনের ডাকবিভাগ জানিয়েছে, বিষয়টি তাদের পক্ষ থেকে হয়নি। তারা সরেজমিনে তদন্ত করে জানাবে যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা বা কোনো ব্যতিক্রম ঘটেছে কি না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিত সাড়ে সাত লাখের বেশি প্রবাসী ভোটারের ঠিকানায় ইসি পোস্টাল ব্যালট পাঠিয়েছে। প্রতীক বরাদ্দের পর ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠানোর কথা থাকলেও এর আগেই বাহরাইনের ভিডিওটি ভাইরাল হয়, যা নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ বিষয়ে মঙ্গলবার ইসিতে গিয়ে অভিযোগও করেছে বিএনপি।

এদিকে, দুই পৃষ্ঠার পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ব্যালট ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তবে বিষয়টি একটি ভুল হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি বলেন, “এটি একটি মিসটেক হতে পারে। তবে ছাপার দায়িত্বে যারা ছিলেন, তাদের সঙ্গে কথা না বলে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।”

ব্যালট পুনরায় ছাপা হবে কি না—এ প্রশ্নে ইসি সচিব জানান, কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪