জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতের বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে উভয় আসামির সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের পক্ষে আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে অপর একটি অভিযোগে তাঁদের দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তাঁর বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে আপিল করেছেন।