বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে আজ রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলে অংশগ্রহণ করা বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দুপুর ১টায় সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না করার কারণে। ক্রিকেটারদের আলটিমেটামের পরও তিনি পদ ছাড়েননি। এতে কোয়াব সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্ধারিত ম্যাচে অংশ না নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান প্রকাশ করার।
সম্প্রতি তামিম ইকবালকে ঘিরে করা একটি মন্তব্য ও ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ সংক্রান্ত মন্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এ বিষয়ে নাজমুল ইসলামের ব্যবহার করা ভাষা ক্রিকেটাররা অবমাননাকর বলে মনে করছেন।
কোয়াব প্রতিবাদ জানিয়ে স্পষ্ট করেছে, বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। বুধবার গভীর রাত পর্যন্ত বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরও কোনো সমাধান আসেনি, ক্রিকেটাররা তাদের অবস্থানে অটল রয়েছেন।
আজ দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ থাকলেও দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কোনো দলই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়নি। এর পরিবর্তে ক্রিকেটাররা রাজধানীর শেরাটন হোটেলে একত্র হচ্ছেন, যেখানে আগে একটি অভ্যন্তরীণ বৈঠক এবং এরপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাঠের বাইরের এই উত্তেজনা আজকের বিপিএল সূচি ও পুরো টুর্নামেন্টকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।