রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিন শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানিতে ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত শুনানি পরিচালনা করবেন।
এর আগে, গত বুধবার (১৪ জানুয়ারি) শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিলের মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে; এর মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর বা বাতিল এবং ২৩টি অপেক্ষমাণ রয়েছে।
কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্রমিক ৪৮১ থেকে ৫১০ নম্বর এবং অপেক্ষমাণ আপিলের শুনানি হবে। এরপর ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর এবং অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে।
এই নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছিল এবং ৭২৩টি বাতিল করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।