| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 122270 বার পঠিত
দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন দেশের ক্রিকেটাররা। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা।

রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই ঘোষণা দেন। তিনি বলেন,

এগুলো আমাদের অসহায় হয়ে করতে হচ্ছে। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে প্রতিবাদ করতেই হয়। উনার বক্তব্যের মাধ্যমে পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে। ক্রিকেটের প্রতি উনার কোনো সম্মান আমরা দেখিনি।

মিঠুন আরও বলেন, দাবি মানা হলেই কেবল ক্রিকেটাররা মাঠে ফিরবেন। তিনি বলেন, আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানার পর। আগের মতো সময় নিতে নিতে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আমরা আর মেনে নেব না।

সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান বলেন,সবাই খেলার জন্য প্রস্তুত। খেলার বিপক্ষে কেউ না। কিন্তু দাবি মানতেই হবে। তবে এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের কোনো সরাসরি আলোচনা হয়নি বলে জানান কোয়াব নেতারা।

পরে আবারও নিজের অবস্থান স্পষ্ট করে মিঠুন বলেন, আইসিসি ট্রফি জেতার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি সেক্টরকে উনি অস্বীকার করেছেন। উনার বক্তব্যে বিশ্বকাপে খেলার কোনো মূল্যই নেই। আমরা এখনও আমাদের অবস্থানে অনড় আছি।

কোয়াব সভাপতির দাবি, এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়।

অনেক দিন ধরে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আজকের অবস্থান আজকের না—দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত।

এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এখন বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট অঙ্গন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪