গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের সব দেশেই সরকার গণভোটে কোনো না কোনো পক্ষ নেয়—কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ।
শফিকুল আলম বলেন, আমরা সংস্কারের পক্ষে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর কোনো দৈত্য-দানব তৈরি না হয়, সে জন্যই আমরা ‘হ্যাঁ’ ভোট দিতে বলছি।
তিনি বলেন, চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে। আপনারা দেখেছেন, বিগত সরকার ব্যাংকের টাকা লুট করে খেয়েছে। এখন সেই ক্ষতি সামাল দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের ওপর এসেছে।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকাল কেবিনেট মিটিংয়েও এ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল ও উৎসবমুখর নির্বাচন হবে।
তিনি আরও জানান, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম শেষ হয়েছে। আমরা এখন ভোটের অপেক্ষায় আছি। সংস্কারের বিষয়টি প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে, বলেন তিনি।
ভোট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই।
যমুনায় তারেক রহমানের পরিবারের যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ ছিল। ডিনারের কথা বলা হচ্ছে, যা ডাহা মিথ্যা। এখানে কোনো অফিসিয়াল ব্যক্তি উপস্থিত ছিলেন না।