| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 129399 বার পঠিত
বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, তখন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং বারবার একটি কথাই বলতেন বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

খালেদা জিয়ার ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, তিনি ছিলেন সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক। তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল এবং তিনি ছিলেন পরমতসহিষ্ণু।

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪