হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাপুরের শ্বেত রক্ত কণিকা বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করে তার ভাই বলেন, অবস্থা একদমই ভালো না।
শাপুরের অসুস্থতার খবরে সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ সোশ্যাল মিডিয়ায় তার নির্ভিক মানসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনায় ভক্তদের কাছে দোয়ায় লিখেছেন, ‘ক্রিকেট মাঠের সেই সিংহ আজ জীবনযুদ্ধের লড়াইয়ে অবতীর্ণ। আফগানিস্তানের দ্রুতগতির বোলার শাপুর জাদরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই মুহূর্তে আমাদের সকলের দোয়া ও প্রার্থনা তার বড্ড প্রয়োজন। আমরা আমাদের প্রতিবেশী দেশের এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন।’
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে অভিষেক হয় শাপুর জাদরানের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা শাপুর ৪৪ ওয়ানডেতে ৪৪ উইকেটের পাশাপাশি ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তার জয়সূচক রান শাপুরের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।