| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 127890 বার পঠিত
আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা ১৫ মিনিটে আপিল শুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এদিন মোট ১১২টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

ইসি সূত্র জানায়, মঞ্জুর হওয়া ৪৫টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে। অন্যদিকে, ৩৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন অন্তর্ভুক্ত।

শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ১৯টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) নবম দিনের শুনানিতে অবশিষ্ট সব আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। ওই দিনও সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু শেষ দিন (৯ জানুয়ারি) জমা পড়ে ১৭৬টি আবেদন। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে ইসি।

এর আগে, গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে দাখিল হওয়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪