| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসিকে নতুন করে যে প্রস্তাব দিলো বাংলাদেশ

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 120282 বার পঠিত
আইসিসিকে নতুন করে যে প্রস্তাব দিলো বাংলাদেশ

ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যোগ দিয়েছেন ভারতীয় আইসিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা। শনিবার রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়েই আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বিসিবি। তবে আলোচনায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রতিনিধি দল ফিরে গিয়ে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। দুই পক্ষই মনে করছে, আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা এর আগে আইসিসির একই বিভাগের অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স) গৌরব সাক্সেনা ভিসা দেরিতে পাওয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির কাছে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে—বাংলাদেশের গ্রুপ পরিবর্তন। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে, যেখানে গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করার পাশাপাশি দল, সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ আইসিসিকে জানানো হয়েছে। বিসিবির ভাষ্য অনুযায়ী, বৈঠকটি ছিল গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত, যেখানে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করে বিসিবি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেও, আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণে রাজি করাতে আলোচনার পথ খোলা রেখেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪