নারায়ণগঞ্জে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞে ১০ জন নিহত হন। এর ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন এবং অভিযোগ গ্রহণের আবেদন করেন।
ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আসামিদের আগামী ২৬ জানুয়ারি হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের বক্তব্যে উল্লেখ করা হয়, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ সব আসামি ওই সময়ে অস্ত্রধারী ছিলেন।