ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) গুলশানে অবস্থিত নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ সম্মেলনে জানান, নতুন নির্দেশিকায় বাড়ির মালিকদের জন্য বাসযোগ্যতা নিশ্চিত করা, ইউটিলিটি সংযোগ এবং দৈনন্দিন বর্জ্য পরিষেবা সরবরাহসহ নিরাপত্তা ব্যবস্থা নীতিগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়াটিয়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া প্রদান করবেন এবং ভাড়ার জন্য লিখিত রশিদ সংগ্রহ করতে হবে। ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে প্রতি দুই বছর পরই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিবর্তন করা যাবে এবং বার্ষিক ভাড়া বৃদ্ধির হার সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না।
ভাড়া সময়মতো না দিলে বাড়িওয়ালা প্রথমে মৌখিক সতর্কতা দেবেন, এরপর লিখিত নোটিশ দিয়ে দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিতে পারবেন। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, চুক্তিতে ভাড়া, করণীয়, অগ্রিম জমা এবং বাড়ি ছাড়ার শর্তগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
ডিএনসিসি সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের মাধ্যমে ভাড়া নির্ধারণ ও সমস্যার সমাধান নিশ্চিত করবে। সমাধান না হলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানানো যাবে।
নির্দেশিকাটির মূল উদ্দেশ্য হলো ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সচেতন করা এবং নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কোনো জটিলতা এড়ানো।