| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টা পরিষদে ৪ নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 126861 বার পঠিত
উপদেষ্টা পরিষদে ৪ নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

উপদেষ্টা পরিষদের সভায় দেশের চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটিই নিকার-এর প্রথম সভা। সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

এছাড়া ‘স্বাস্থ্যসেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও অনুমোদিত হয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ করার প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪