চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব বাহিনীর সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা শেষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এ ঘটনার প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জঙ্গল সলিমপুরে সংঘটিত ঘটনাটি অত্যন্ত জঘন্য এবং সরকার এর তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
এ সময় তিনি জানান, হামলার ঘটনায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এবং কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “বরং আমি মনে করি, এই ঘটনা তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
উল্লেখ্য, গত সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার শিকার হন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র্যাব কর্মকর্তা মো. মোতালেব। এ ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলে আসছে।