| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 117780 বার পঠিত
আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঠিক এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে। আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে সমর্থন জানিয়ে ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। 

বুধবার আইসিসি বোর্ড বাংলাদেশের নিরাপত্তা ও উদ্বেগের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের অনুরোধে আলোচনা সভা ডেকেছে মনে করা হলেও পিসিবির চিঠির কারণে এই সভা  ডাকা হয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এখন পর্যন্ত আইসিসি বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগও নেই সিদ্ধান্তে অনড় রয়েছে। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসির অবস্থান স্পষ্ট।

বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো পক্ষই নিজ অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি বলছে ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে,আর বিসিবি জানাচ্ছে তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। 

এই অচলাবস্থার মধ্যে হঠাৎ পিসিবির সম্পৃক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পিসিবি বিকল্প হিসেবে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে চলছিল এমন গুঞ্জনও। আবার এমন শোনা যায় বাংলাদেশের বিষয়টির ওপর নির্ভর করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবছে পাকিস্তান। তবে পিসিবি এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে দলে রাখা থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিলে শুরু হয় এই টানাপোড়েন। পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তটির সুনির্দিষ্ট কারণ কখনোই স্পষ্ট করেনি ভারত। এর সুত্র ধরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড় বয়কটের ঘটনাও ঘটে। এসব নিয়ে বিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিশ্বকাপে না খেললে বোর্ডের আর্থিক ক্ষতি নিয়ে প্রশ্নের জবাবে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করলে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নেয়।



 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪