বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল ৪টায় আইসিসির এই বোর্ড সভা শুরু হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে গিয়ে টাইগাররা বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এ কারণে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে বিকল্প ভেন্যুর দাবি জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আজকের বোর্ড সভাতেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—এমন যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
বাংলাদেশের এই বিষয়টি নিয়ে আইসিসির কোনো একক কর্মকর্তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সে কারণেই আইসিসি পূর্ণ বোর্ড সভা আহ্বান করেছে। এই সভায় পিসিবি ছাড়াও অন্যান্য সদস্য বোর্ডগুলো বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানোর সুযোগ পাবে।
তবে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া আর কোনো দেশের ক্রিকেট বোর্ড প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করেনি।