পাঠক এবং গবেষকরা এবার পড়তে পারবেন সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের উদ্যোগে জীবনের শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া খালেদা জিয়াকে জানার জন্য পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী রাজ্যগুলোর পাঠকদের তুমুল আগ্রহ এবং কৌতুহলের দিকে লক্ষ্য রেখেই এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
শুধু খালেদা জিয়াই নয় কলকাতার পার্ক সার্কাসের তিন নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ের এই বাড়িটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসান সোহরাওয়ার্দী এবং অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতি বিজড়িত। ঐতিহ্যবাহী এই লাইব্রেরিটিতে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ভূগোল, আইনকানুন, কৃষি-পরিবেশ, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী এবং তাদের সংশ্লিষ্ট বিভিন্ন বাংলা এবং ইংরেজি বই রয়েছে।
উদ্যোগতা তারিক চয়ন জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কর্মস্থলে যোগ দেওয়ার পর বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বইও এখানে ছিল না। বই খুঁজে বের করার জন্য কোনো ক্যাটালগও ছিল না। বাংলাদেশ সম্পর্কে জানতে তৈরি করা হয়েছে ‘বাংলাদেশ কর্ণার’। কিছু বই তিনি কিনেছেন কিছু সংগ্রহ করেছেন আর কিছু বই ঢাকা থেকে প্রকাশকরা দিয়েছেন বলে জানান তিনি।