| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের পদত্যাগ

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 116052 বার পঠিত
বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের পদত্যাগ

ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম তার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল চলাকালীন সময়েই তিনি এই সিদ্ধান্ত নেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে শামীম জানান, বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানসহ বোর্ডের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। ফিক্সিং সংক্রান্ত অভিযোগের একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে শামীম লেখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।’

সম্প্রতি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদনে মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। ওই ভিডিওতে একাধিক কল রেকর্ড প্রকাশ করা হয়, যেখানে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার আলামত রয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, চলমান বিপিএলের সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে শামীম জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সিলেটের নূরজাহান হোটেলে ফিক্সিংয়ে যুক্ত ব্যক্তিদের একত্র করতেন তিনি। পরিকল্পনা, অর্থ লেনদেনসহ পুরো প্রক্রিয়াই তার নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হয়। এ সংক্রান্ত আগাম টাকা দেওয়ার কল রেকর্ডও প্রকাশ করেছেন ওই সাংবাদিক।

এছাড়া নোয়াখালী এক্সপ্রেস দলের সঙ্গে যুক্ত তৌহিদ হোসেন ও ইমরান হাসানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরে বিসিবির নির্দেশে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী, শামীম অন্য মাধ্যমে নিয়ন্ত্রণ চালিয়ে যান।

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হন মোখলেসুর রহমান শামীম। পরে তিনি বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। চলতি বিপিএলে অংশ নেওয়া ছয় দলের মধ্যে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্বে ষষ্ঠ স্থানে থেকে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪