বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলের পরিকল্পনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজ ও ভবিষ্যৎ দল গঠনের ক্ষেত্রে সাকিবকে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
সামগ্রিক পরিস্থিতি ও দলের প্রয়োজন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিসিবি মনে করছে, সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্স এখনও জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।
ফিটনেস ও অ্যাভেইলিবিলিটি ঠিক থাকলে তাকে দলে নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বোর্ড।
এ বিষয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,
‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি ও ফিটনেস সাপেক্ষে দলে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করবে নির্বাচক কমিটি।’
এদিকে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের ব্যক্তিগত বিষয় বোর্ডের এখতিয়ারভুক্ত নয়। তিনি বলেন,
‘সাকিবের ব্যক্তিগত ইস্যু কিভাবে কি হবে, সেটা সরকারের ব্যাপার। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। তার সঙ্গে আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, বোর্ডের চুক্তিতে সে আগ্রহী এবং খেলতে চায়।’
সব মিলিয়ে বোর্ডের এই সিদ্ধান্তে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ অনেকটাই পরিষ্কার হলো বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।