বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলেও ১০ দিন না পেরোতেই অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন এম নাজমুল ইসলাম। তিনি গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন এবং সেখানেই তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয় বলে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক ।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নাজমুল ইসলামকে নিয়ে বৈঠকের পর জানান, ‘এম নাজমুল ইসলাম তার কাছে যেসব জবাব চাওয়া হয়েছিল, অর্থাৎ বোর্ডের শোকজ নোটিশের যে জবাব, তা শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার জবাব সন্তোষজনক।’
১৫ জানুয়ারি তামিম ইকবালকে নিয়ে মন্তব্যসহ বিভিন্ন বক্তব্যে সমালোচনার মুখে পড়া নাজমুল ইসলাম একপর্যায়ে তিনি ক্রিকেটারদের টাকা ফেরত দেওয়ার কথা তুললে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার পদত্যাগ দাবি করে বিপিএল বয়কট করলে নাজমুল ইসলামকে শোকজ নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু গণমাধ্যমকে জানিয়েছেন, নাজমুলের চিঠির জবাব বোর্ড পেয়েছিল।