ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ক্রিকেট সংগঠক ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইন্দ্রজিত সিং বিন্দ্রা। এর আগে ও পরে দীর্ঘ সময় তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭৮ সাল থেকে টানা ৩৬ বছর সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে অবসর নেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে আছে বিন্দ্রার নাম। একসময় আইসিসির বড় টুর্নামেন্ট, বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপ, শুধুমাত্র ইংল্যান্ডেই অনুষ্ঠিত হতো। তবে ১৯৮৭ সালে সেই ধারায় পরিবর্তন আসে। ওই বছর ভারত ও পাকিস্তান যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে, যা ছিল ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে ইন্দ্রজিত সিং বিন্দ্রার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বর্ষীয়ান ক্রিকেট প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিসিআই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বোর্ড জানায়, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বোর্ড।
এছাড়া শোক জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেন, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে গভীর শোক জানাচ্ছি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।