ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তাশঙ্কার কারণে না পাঠালেও, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের সরকারি অনুমোদন (জিও) দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতাটির আয়োজকেরা নিরাপত্তার বিষয়টির নিশ্চয়তা দেয়ায় এবং আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলেই মনে করে সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।’
বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে এই সফরে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। আর কোচ হিসেবে রয়েছেন শারমিন আক্তার। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।