টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। আজ (শুক্রবার) সুপার সিক্স পর্বের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারিওর ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দলটি।
ইনিংসের শুরুতে ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করেন। এরপর দ্রুত উইকেট হারালেও চতুর্থ উইকেটে ১০০ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জ্যোতি ও সোবহানা। জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন। অন্যদিকে সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তার ফেরান ডার্সি কার্টারকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। আট নম্বরে নেমে পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান করেন। মেগান ম্যাককল করেন ২০ রান।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০১ রান। বাংলাদেশ দলের হয়ে মারুফা আক্তার নেন সর্বোচ্চ ৩ উইকেট, স্বর্ণা আক্তার শিকার করেন ২টি।
এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান (১৯১) করার ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান) জয় পেল টাইগ্রেসরা। এর আগে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ২৪৯ রানের রেকর্ড জয় এবং ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।