| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 105525 বার পঠিত
ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ঘনিয়ে আসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে আসরের শুরুতেই ভারতে কিছু ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কলকাতায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের দলের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপ আয়োজন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস নতুন কোনো ঘটনা নয়। রাজ্যে এটি অষ্টমবারের মতো শনাক্ত হয়েছে। সম্প্রতি বারাসাতে দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস পাওয়া যায়। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সকল ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ বলা অতিরঞ্জিত। এটি একটি সীমিত ও নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান অবস্থার ভিত্তিতে তারা ভ্রমণ বা বাণিজ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে মনে করছে বিসিসিআই। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পায়। যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত সর্বশেষ দুই রোগী বারাসাতে শনাক্ত হয়েছেন, যা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।

বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ ভাইরাস টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পথে কোনো বাধা সৃষ্টি করছে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪