আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
রোববার (১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ এবং ভারত ম্যাচ বয়কটের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই অবস্থান নিয়েছে ইসলামাবাদ।
বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়,পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
এর আগে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের দিকনির্দেশনা দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানানো হয়।
এই ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর একই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা গ্রহণ করেনি। একাধিক দফা আলোচনার পরও সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তের শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় এবার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।